Published : 20 May 2026, 03:06 AM
অভিনয়ের বাইরে এবার ভিন্ন রূপে দর্শক মুখোমুখি হতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। ‘ছুটি কক্সবাজার’-এর শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি তাঁরা শুরু করেছেন নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রোববার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পডকাস্টের উদ্বোধন করা হয়। ভ্রমণ, জীবনযাপন এবং বিনোদনকে কেন্দ্র করে তৈরি এই আয়োজনে সঞ্চালক ছিলেন আরমান পারভেজ মুরাদ। প্রথম পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম-রোজি দম্পতি। অনুষ্ঠানে তাঁরা দীর্ঘ দাম্পত্য জীবন, অভিনয়ের অভিজ্ঞতা, দেশ-বিদেশের ভ্রমণ কাহিনি এবং অতিথিপরায়ণতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তাঁদের প্রাণবন্ত কথাবার্তা ও স্মৃতিচারণে পুরো পরিবেশ মাতিয়ে ওঠে। রোজি সিদ্দিকী বলেন, “এত প্রাণবন্ত একটি অনুষ্ঠানে অতিথি হতে পেরে আমি সত্যিই আনন্দিত।
আমরা মন খুলে গল্প করেছি এবং আশা করি, দর্শকরাও এটি উপভোগ করবেন। ‘ছুটি কক্সবাজার’-কে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সবসময় তাঁদের পাশে আছি।” শহীদুজ্জামান সেলিম বলেন, “ছুটি কক্সবাজারের প্রতিটি কাজে রুচির ছাপ থাকে। পর্যটন এবং অতিথিসেবার ক্ষেত্রে তাঁদের ভাবনাগুলো খুবই আধুনিক। ‘ছুটির গল্প’ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুভেচ্ছাদূত হিসেবে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ।” পডকাস্টের আনুষ্ঠানিকতা শেষে ‘ছুটি কক্সবাজার’-এর চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান তারকা দম্পতিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাদূত হিসেবে বরণ করেন। এরপর তাঁদের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়।
আয়োজকেরা জানান, আসন্ন ঈদে ‘ছুটি কক্সবাজার’-এর ইউটিউব চ্যানেলে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব প্রচারিত হবে। এরপর নিয়মিত নতুন অতিথি এবং ভিন্নধর্মী বিষয় নিয়ে পডকাস্টটি সাজানো হবে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা এবং ভ্রমণ বিষয়ক নানা গল্প তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগীতশিল্পী রিজিয়া পারভীনের মনোমুগ্ধকর গান দর্শকদের মুগ্ধ করে তোলে। ইস্টিশন কমিউনিকেশনস এই পডকাস্টের কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে।।
ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি