Published : 19 Feb 2026, 07:06 AM
বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর জীবনে বরকত ও রহমতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সিদ্ধান্তের কথা জানান।ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে রমজান মাসের আনুষ্ঠানিক গণনা শুরু হলো। সেই অনুযায়ী, আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।গতকাল রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবিহর নামাজে শামিল হন।
তারাবিহ আদায়ের মাধ্যমে মূলত রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোররাতে সাহরি খেয়ে মুসলমানরা সিয়াম সাধনা বা রোজা পালনের প্রস্তুতি নেন।এদিকে, ইসলামিক ফাউন্ডেশন দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ নামাজ আদায় করার জন্য অনুরোধ করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসের প্রথম ছয় দিনে প্রতিদিন দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান রাতে পবিত্র কোরআন খতম করার নিয়ম অনুসরণ করা হবে।মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির পথে অগ্রসর হবেন। রোজা পালনের পাশাপাশি সাধ্যমতো দান-সদকা, কোরআন তিলাওয়াত এবং অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে এই রমজান মাস অতিবাহিত করবেন। মুসলমানরা আল্লাহর অসীম রহমত ও ক্ষমা লাভের আশায় বছরজুড়ে এই মাসের অপেক্ষায় থাকেন।
রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের দিক থেকে বছরের অন্যান্য মাস থেকে অধিক মর্যাদাপূর্ণ। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে।গতকাল বুধবার থেকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা শুরু হয়েছে। তবে, মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওমান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের মতো অনেক দেশে আজ বৃহস্পতিবার থেকে রোজা পালিত হচ্ছে।।