Published : 28 Jan 2026, 01:09 PM
প্রায়ই মনে হয়, আপন কষ্টগুলো কারো সাথে ভাগ করে নিলে মন হালকা হবে। হয়তো কেউ সমাধান দেবে, অথবা সহানুভূতি দেখাবে। কিন্তু বাস্তবতা প্রায়ই ভিন্ন হয়। সবাই আমাদের অনুভূতি বোঝে না, বা আন্তরিকভাবে সহানুভূতি দেখাতে পারে না। অনেকে সুযোগ পেলে অন্যের দুর্বলতা নিয়ে হাসিঠাট্টা করে, তাচ্ছিল্য করে। এতে কষ্ট পাওয়া মানুষটির যন্ত্রণা আরও বেড়ে যায়, মনে হয় যেন অপমানিত হলো। তখন মনে প্রশ্ন জাগে—মনের গভীরে জমা কষ্টগুলো চেপে রাখাই ভালো ছিল, কেন কাউকে বললাম? আসলে, যদি একজন হতাশ মানুষ সঠিক সহানুভূতি না পায়, তবে নির্দয় কেউ তার উপকারের বদলে আরও ক্ষতি করে দিতে পারে। তাই আলী ইবনে আবু তালিব (রা.)-এর একটি মূল্যবান উক্তি মনে রাখা দরকার। তিনি বলেছিলেন, ‘আল্লাহ ছাড়া অন্যের কাছে কষ্টের কথা বলা অপমানজনক।’ (নাহজুল বালাগা, হিকমাহ: ৩৩০; সংকলক: শরিফ রাজি) এই উক্তিটি আমাদের শেখায় যে, মানুষের কাছে নিজের দুঃখ প্রকাশ করা অনেকটা স্বেচ্ছায় অপমানিত হওয়ার মতো। কারণ, সত্যিকারের সহানুভূতিশীল মানুষ খুঁজে পাওয়া কঠিন।
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কষ্টের কথা বলা উচিত নয়। আলী ইবনে আবু তালিব (রা.) আরও বলেছেন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। যিনি আপনার কষ্টের কথা শুনবেন, তিনি হয়তো ইতোমধ্যেই আপনাকে কষ্ট দিয়েছেন, অথবা ভবিষ্যতে দিতে পারেন। বর্তমান সময়ের বেশিরভাগ মানুষই নিজের জীবন এবং সামাজিক মাধ্যমে এতটাই ব্যস্ত যে, অন্যের গভীরে যাওয়ার সময় তাদের নেই। একটি দুঃখজনক খবর শুনে মুহূর্তের জন্য মন খারাপ হলেও, কয়েক সেকেন্ডের মধ্যেই অন্য কোনো খবরে মন অন্যদিকে চলে যায়। মানুষের কষ্ট শোনার ধৈর্য কমে গেছে, অনুভবের গভীরতাও হ্রাস পেয়েছে। মানুষ আগের চেয়ে অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে, নিজের কষ্ট অন্যের কাছে প্রকাশ করার চেয়ে মহান রবের কাছে বলা বেশি নিরাপদ ও শান্তিপূর্ণ। মহান আল্লাহ কখনোই উদাসীন হন না, তিনি বান্দার আর্তনাদ ভুলে যান না। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘...যখন তুমি কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে। আর যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছেই সাহায্য চাইবে।
’ (সুনান তিরমিজি, হাদিস: ২,৫১৬) তিনি এমন আশ্রয়দাতা, যাঁর কাছে বারবার কাঁদলেও তিনি বিরক্ত হন না। বরং তিনি সেই রব, যিনি না চাইলে কিছুই হয় না। আমাদের দুঃখ, বেদনা ও কষ্টের অনুভূতিগুলো সেই মহান রবের কাছেই প্রকাশ করা উচিত, যিনি আমাদের অন্তরের প্রতিটি স্পন্দন জানেন। মানুষের কাছে আমাদের চোখের জল বা দীর্ঘশ্বাসের কোনো মূল্য না থাকলেও, তিনি বান্দার প্রতিটি অশ্রুকণা ও হৃদয়ের গভীর ব্যথা অনুভব করেন এবং তার উত্তম প্রতিদান দেন। ছোট্ট শিশুটি যেমন মায়ের আঁচল ধরে যতক্ষণ না তার চাহিদা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত কাঁদে, ঠিক সেভাবেই আল্লাহর দুয়ারে কড়া নেড়ে যান। বারবার তাঁর কাছে যান। তিনি আপনাকে দেবেন, যা আপনার জন্য কল্যাণকর। তিনি দুর্বল বান্দার শক্তি সঞ্চয়কারী, হৃদয়ের ক্ষতে প্রলেপ দেওয়া পরম দয়ালু প্রতিপালক। তাই আপনার যা কিছু অভিযোগ, যা কিছু ব্যথা—সব তাঁর কাছে সঁপে দিন। শান্তি আসবেই, ইনশা আল্লাহ। [email protected] ইসমত আরা : শিক্ষক ও লেখক।