Published : 08 Jan 2026, 05:08 AM
আরবি হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব। পবিত্র কোরআনে চারটি মাসকে ‘সম্মানিত মাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রজব অন্যতম। এই মাসে রোজা রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। তবে শরিয়তের দৃষ্টিকোণ থেকে এই মাসের রোজার নিয়ম এবং এর সাথে জড়িত বিষয়গুলো স্পষ্ট করে জানা জরুরি। রজব মাসে রোজা রাখা জায়েজ, তবে এই মাসের জন্য আলাদা কোনো ফজিলত বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না। একজন মুসলিম যেকোনো সময় (নিষিদ্ধ দিনগুলো ছাড়া) নফল রোজা রাখতে পারেন। তাই রজব মাসেও রোজা রাখা বৈধ। যদি কেউ মনে করেন যে রজব মাসে রোজা রাখলে অন্য মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, তবে সেই ধারণা সঠিক নয়।
কারণ, রজব মাসের বিশেষ ফজিলত নিয়ে বর্ণিত হাদিসগুলো দুর্বল অথবা ভিত্তিহীন। হাদিসের কিতাবগুলোতে রজব মাসের রোজা নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সাইদ ইবনে জোবাইর (রহ.) থেকে বর্ণিত, ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবীজি (সা.) কখনো রজব মাসে এত বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না, আবার কখনো এত বিরতি দিতেন যে মনে হতো তিনি আর রোজা রাখবেন না। ইমাম নববী (রহ.) এর ব্যাখ্যায় বলেছেন, এর অর্থ হলো রজব মাসের রোজার ব্যাপারে কোনো বিশেষ নির্দেশ বা নিষেধ নেই। এটি অন্যান্য সাধারণ মাসের মতোই। দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) তাদের হাত ধরে খাবারের দস্তরখানে বসিয়ে দিতেন, যারা কেবল রজব মাসকেই রোজার জন্য নির্দিষ্ট করত। তিনি বলতেন, “এটি এমন একটি মাস, যাকে জাহেলি যুগে সম্মান করা হতো।” হজরত ওমরের (রা.) উদ্দেশ্য ছিল, রজব মাসকে রমজানের মতো গুরুত্ব দেওয়া উচিত নয়।
রজব মাসে আলাদা কোনো ‘রজবি রোজা’ নেই, তবে সাধারণ সুন্নত হিসেবে সোমবার ও বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বিজের রোজা (প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা) রাখা যেতে পারে। রমজানের প্রস্তুতি হিসেবে কেউ যদি এই মাসে বেশি নফল রোজা রাখেন, তবে তা প্রশংসনীয়। রজব মাসে কিছু ভুল আমল দেখা যায়, যেমন - বিশেষ সওয়াবের আশায় কেবল প্রথম দিন রোজা রাখা, পুরো মাস রোজা রাখা, ২৭ রজবের রোজা (মিরাজের রাত মনে করে) রাখা, রজব ও শাবান মাস একটানা রোজা রাখা - এগুলো থেকে বিরত থাকা উচিত। রজব মাসে রোজা রাখা ইবাদত হিসেবে গণ্য হবে, যদি তা সাধারণ নফল রোজা হিসেবে পালন করা হয়। তবে এই মাসকে অন্য মাসের চেয়ে বেশি সওয়াবের মাস মনে করে বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখা বা নির্দিষ্ট কিছু দিন ইবাদতের জন্য নির্ধারণ করা শরিয়তে অনুমোদিত নয়।।