Published : 19 Jul 2026, 06:14 AM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম গণভোটের ফলাফলের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর না হলে সরকারবিরোধী গণআন্দোলন থেকে গণ-অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হতে পারে বলে কড়া বার্তা দিয়েছেন। শনিবার (১৮ জুলাই) বরিশালে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের দাবিতে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, "আমরা সারা দেশে কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং পরবর্তী সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত হবে। যদি সরকার গণভোটের ফলাফল মেনে জুলাই সনদ কার্যকর করতে ব্যর্থ হয়, তবে আমরা অনিবার্যভাবে গণআন্দোলন থেকে গণ-অভ্যুত্থানের দিকে অগ্রসর হতে বাধ্য হব। এই মুহূর্তে আমরা কোনো কঠোর পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সরকার ক্রমশই পরিস্থিতি এমন দিকে ঠেলে দিচ্ছে।" তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানোর পরেও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কোনো পদক্ষেপ নেই।
মুখে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, বরং ক্ষমতার লোভে আন্দোলনে যুক্ত হয়েছিল। নির্বাচনের পর বিএনপি সংবিধান সংস্কার বা তাদের ঘোষিত ৩১ দফার বিষয়েও আর কোনো কথা বলছে না। সংবিধান সংশোধনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "সংবিধান সংশোধনের নামে যে প্রহসন সরকার করছে, তা দেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংশোধনের এই প্রহসনে শেখ হাসিনা দিল্লিতে রয়েছে।" দেশ রক্ষার জন্য সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, বরিশালে কর্মসংস্থানের সংকট বিদ্যমান এবং গত পাঁচ মাসে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি; বরং চাঁদাবাজদের কর্মসংস্থান হয়েছে। বিদ্যুৎ, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল শক্তিকে গণ-অভ্যুত্থানে শামিল হওয়ার আহ্বান জানান। ১৮ জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে কোটা আন্দোলনকে গণ-অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তরিত করেছিল। তিনি শহীদদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।।
দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দ করা হলো সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ১৮ কোটির ফ্ল্যাট