Published : 18 Jul 2026, 06:14 PM
বায়ু ও শব্দ দূষণ মোকাবিলার জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি সড়ক থেকে অযোগ্য যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগের ওপর জোর দেন। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এই নির্দেশগুলো প্রদান করেন। এই বৈঠকে সারা দেশের, বিশেষত রাজধানীর পরিবেশগত পরিস্থিতি উন্নত করতে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।
তারেক রহমান ইটভাটা থেকে নির্গত বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেন। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এই প্রসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজে লাগানো যেতে পারে, সে বিষয়েও সভায় আলোকপাত করা হয়।
বৈঠকে রাজধানীর রাস্তা থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত সরিয়ে ফেলার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। এছাড়াও, রাজধানীতে দ্রুততম সময়ের মধ্যে অন্তত ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়। এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক আত্মহনন