Published : 19 Jul 2026, 04:13 AM
শিক্ষা ভাবনাকে উপেক্ষা করে যারা বিশৃঙ্খল মন্তব্যের মাধ্যমে সমাজকে উস্কানি দিতে চায়, তাদের এই তরুণ প্রজন্ম ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য প্রদান করেন। এর আগে, শিক্ষামন্ত্রী শহরের বরুনকান্দি এলাকার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনার ঝড় উঠেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, যারা তাঁকে ট্রল করেছে, তারা কোনো পরীক্ষার্থী বা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননেসার-এর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। এই ধরনের আন্দোলনের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল।
তিনি জোর দিয়ে বলেন, আমরা এই জাতিকে সুশিক্ষিত করার গুরুদায়িত্ব পেয়েছি। অতএব, যে কেউ ট্রল করুক বা অপবাদ দিক, তারা আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবে না। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা অসংযত কথা বলে সমাজকে বিভ্রান্ত করতে চায়, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থ করে দেবে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের অধীনে দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে অন্যায়কে সমর্থন করার নির্দেশ আমাকে দেওয়া হবে? নিশ্চয়ই না।
তিনি সকলকে নিজ নিজ দায়িত্বে অবিচল থাকতে আহ্বান জানান এবং বলেন, শিক্ষা ও তার মানোন্নয়নই আমাদের কর্তব্য। সম্প্রতি কুমিল্লায় এইচএসসি পরীক্ষা চলাকালীন জলাবদ্ধতার কারণে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানবিক বিবেচনায় নেওয়া হয়েছিল। একই সাথে, প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর বিষয়ে তিনি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরীক্ষা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিকর প্রচারণা চলছে, তার সমালোচনা করে তিনি স্পষ্ট করেন যে, পরীক্ষা ছাড়া মেধা মূল্যায়ন ও সনদ প্রদান সম্ভব নয়।।
জুলাই সনদের বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের পথে সরকার, নাহিদ ইসলামের হুঁশিয়ারি