Published : 18 Jul 2026, 08:12 PM
আগামী ২০ জুলাই (সোমবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, '২০ জুলাই ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি সংক্রান্ত নানা জটিলতার কারণে আমরা সময়মতো ফলাফল প্রস্তুত করতে পারিনি।
তবে চলতি মাসের শেষ দিকেই ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।' শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিলেও, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যদিও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন।
এই পরিস্থিতিতে, শিক্ষা বোর্ডগুলো এখন দ্রুত এই কাজ সম্পন্ন করার দিকে মনোনিবেশ করছে। উল্লেখ্য, এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-তে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নিয়েছে।।
প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্প শীঘ্রই চালু করবে সরকার: প্রবাসীদের জন্য এক নতুন দিগন্ত