Published : 12 Feb 2026, 11:08 PM
জনগণের রায়ই চূড়ান্ত – এমন আত্মবিশ্বাসের কথা জানালেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা আমাদের ভোটারদের উপর সম্পূর্ণ ভরসা রাখি। তাঁদের ব্যালটের মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হবে বলে আশা রাখি। প্রাথমিক ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।” আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্টুরেন্টে ঢাকা-১৫ আসনের উদ্যোগে নির্বাচনের ভোট গণনা পরবর্তী এক সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এই মন্তব্য করেন। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেন জামায়াতের আমির। তিনি বলেন, “এখন পর্যন্ত যে ফলাফলগুলো এসেছে, তাতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের ১১-দলীয় নির্বাচনী জোটের মনোনীত প্রার্থীগণ অধিকাংশ স্থানে এগিয়ে আছেন।
” শফিকুর রহমান আরও বলেন, “দেশজুড়ে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা, রাত ১১টার মধ্যে পরিস্থিতি কিছুটা স্পষ্ট হয়ে উঠবে। তবে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন নয়।” গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তবে সেই স্বাধীনতা অবশ্যই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার স্বার্থে হতে হবে। দেশের স্বাধীনতা ও অখণ্ডতার প্রতি আঘাত হানে এমন কোনো স্বাধীনতা ব্যক্তি বা সমষ্টিগতভাবে কারো জন্য কাম্য নয়। নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক শঙ্কা ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তবে সবশেষে আলহামদুলিল্লাহ, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে শফিকুর রহমান বলেন, “আমরা যখন নির্বাচনের লড়াইয়ে নেমেছি, তখন জয় একজনেরই হবে, এবং বাকিদের তা মেনে নিতে হবে – এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি, একজনের জয় হলেও তা আমাদের সবার জয়।
” নিজের আসনের ফলাফলের বিষয়ে জামায়াতের আমির বলেন, “এই আসনের ভালো-মন্দ সবকিছু নিয়ে আমি, আল্লাহ্-তাআলার ইচ্ছায় নির্বাচিত হলে, সবার সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।” জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে সব দলের সহযোগিতা কামনা করে শফিকুর রহমান বলেন, “আমরা চাইব সবাই আমাদের সাহায্যকারী হিসেবে পাশে থাকুক। এটাই আমাদের আকাঙ্ক্ষা, এবং আমরা মন খুলে সবার কাছে এই আহ্বান জানাব।” এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চল থেকে পর্যবেক্ষক এসেছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে। ফলাফল মেনে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “আমরা মনে করি, ভোটগ্রহণ প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয়েছে, ফলাফলে যদি এই ধারা অব্যাহত থাকে এবং কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, তাহলে আমরা অবশ্যই এই ফলাফল মেনে নেব ইনশাআল্লাহ।” ঢাকা-১৫ আসনে যুবদলের আহ্বায়কসহ আরেকজনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির তাঁদের দ্রুত মুক্তির জন্য অনুরোধ জানান।।
ছাত্রদলের দেয়াললিখন: ‘গোপন চাল’য়ের বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ