Published : 23 Apr 2026, 05:05 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এক অভিনব কর্মসূচির মাধ্যমে ‘গোপন রাজনীতি’র বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বুধবার বিকেলে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা দেয়াললিখন করে এই প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার এবং প্রধান ও দ্বিতীয় ফটকের দেয়ালে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান লিখে। ‘গোপন চাল বন্ধ করো’, ‘যারা গোপনে আঁটাত, তাদের ঠিকানা পাকিস্তান’, ‘প্রতিটি ঘরে খবর পৌঁছে দাও, গোপন আঁতাতকারীদের মুখোশ খোল’—এমন নানা স্লোগান তারা দেয়ালগুলোতে লিখে। ছাত্রদল নেতাদের অভিযোগ, কিছু লোক সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এবং ষড়যন্ত্রমূলক কাজ করছে। এই ধরনের কার্যকলাপ প্রতিরোধের জন্যেই এই দেয়াললিখন কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, ‘আমরা ক্যাম্পাসে কোনো প্রকার গোপন রাজনীতি চাই না। যারা নিজেদের পরিচয় গোপন করে অপকর্ম করে, তারা পরবর্তীতে তার দায় নিতে পারে না। আমরা স্বচ্ছ ও স্পষ্ট রাজনীতি চাই।’ সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘যারা গোপনে রাজনীতি করে, তারা নিজেদের আসল চেহারা লুকাতে চায়। এই দ্বৈত নীতি ক্যাম্পাসে আর চলবে না। আমরা স্পষ্ট রাজনৈতিক অবস্থান দেখতে চাই।
’ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে আমরা কোনো গোপন কার্যকলাপ সমর্থন করি না। যারা গোপনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, একটি রাজনৈতিক চক্র গোপনে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। একইসঙ্গে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা অনৈতিক। দেয়াললিখন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
প্রধানমন্ত্রীর সাথে বিএনপির ৪৫ জন সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ আলোচনা