Published : 16 Jun 2026, 08:10 PM
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ফিরে বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি কোনো মন্তব্য না করে সরাসরি নিজের বাসভবনে চলে যান। এরপর তিনি ভবানী ভবনে যান। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্ধারিত সময়ের আগেই তিনি সেখানে পৌঁছান। সিআইডি একটি জাল স্বাক্ষর সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে তলব করেছে, যেখানে অভিযোগ উঠেছে যে একটি রেজোল্যুশনে কিছু বিধায়কের স্বাক্ষর অসঙ্গতিপূর্ণ।
কিছু বিধায়ক দাবি করেছেন, যে তারিখে স্বাক্ষর দেখানো হয়েছে, সেদিন তাঁরা উপস্থিত ছিলেন না। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক আইনি সুরক্ষা প্রদান করে। আদালত স্পষ্ট করে দেয় যে আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় নথি জব্দ করতে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আরও নির্দেশ দেয় যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন পরবর্তী শুনানিতে জমা দিতে হবে।
অন্যদিকে, ২০২১ সালে ত্রিপুরার খোয়াই জেলায় রাজনৈতিক কর্মসূচির নামে দায়ের করা এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে নতুন সমন জারি হয়েছে। এই মামলায় তৃণমূল নেতা কুণাল ঘোষ, দোলা সেন ও ব্রাত্য বসুর নামও রয়েছে। খোয়াই আদালতের জারি করা সমন ইতিমধ্যেই কলকাতার বাসভবনে পাঠানো হয়েছে এবং সমনে তাঁকে নির্দিষ্ট তারিখে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।।
নিষিদ্ধ ছাত্রলীগের সভা-মিছিলের ঘটনায় সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা