Published : 12 Feb 2026, 07:07 AM
রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রার্থীও তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনেও নির্বাচন করছেন তারেক রহমান। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভোট দেবেন ঢাকা-১৫ সংসদীয় আসনের মিরপুর-২ নম্বর এলাকার মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁর নির্বাচনী দলের সদস্যরা জানিয়েছেন, তিনি বেরাইদের এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হবে; শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার—দুজনেই নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করছেন এবং মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সমর্থনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ফেনী-২ আসন থেকে নির্বাচন করছেন এবং ফেনী সদর উপজেলার শর্শদি উত্তর খানেবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ আসনে প্রার্থী এবং মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।।
জাল স্বাক্ষর মামলায় সিআইডি তলব: দিল্লি থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদালতে আইনি সুরক্ষা