Published : 30 May 2026, 06:31 PM
দেশের বিভিন্ন প্রান্তে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জন শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর মোট সংখ্যা এখন ৫৭৫ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের মতো উপসর্গ নিয়ে ৬৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৫৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে প্রায় ৯০ জন শিশু মারা গেছে। এছাড়াও, হামের সাথে সাদৃশ্যপূর্ণ উপসর্গ নিয়ে আরও ৪৮৫ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে, এই বছর হাম ও হামের উপসর্গে মোট ৫৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সময়ে সারাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫১ হাজার ৫১১ জন প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী