Published : 30 May 2026, 06:12 PM
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণকাজে গুরুতর ত্রুটি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। আগামীকাল শনিবার (৩০ মে) এই বিষয়ে বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান। শুক্রবার (২৯ মে) তিনি বলেন, “হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণে বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে। এই ত্রুটিগুলো নবজাতকদের চিকিৎসায় কোনো বিরূপ প্রভাব ফেলেছিল কিনা, তা প্রতিবেদনে বিশদভাবে উল্লেখ করা হবে।
ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে।” স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধানে হাসপাতালের অক্সিজেন সরবরাহ, ওয়ার্ডের বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নিবিড় পরিচর্যা ইউনিটের সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ নজর রাখা হয়েছে। এছাড়াও, তদন্তকারীরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেছেন। কয়েকদিনে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে দাবি জানিয়েছেন। ডা. জাহিদ রায়হান আরও বলেন, তদন্ত প্রতিবেদনে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী