Published : 25 May 2026, 03:16 PM
ঢাকা-ময়মনসিংহ রেলপথে একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সোমবার সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ থাকে। এর আগে রবিবার একই রুটে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছিল। রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁওয়ের হাতীখলা এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। চালক ও রেলকর্মীরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনটি পুনরায় চালু করতে সক্ষম হন।
এর পরেই, বেলা সোয়া এগারোটায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন ত্রিশালের ফাতেমানগর স্টেশনে বিকল হয়ে যায়। ফলে, ফের রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল রবিবার বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা থেকে জামালপুরগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশনের কাছে আগুন ধরেছিল। মেরামতের পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে।
এই রুটের অধিকাংশ ইঞ্জিন পুরোনো হওয়ায় অতিরিক্ত ব্যবহারের কারণে প্রায়ই গরম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন ইঞ্জিন সরবরাহ করা না হলে পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, ফাতেমানগর স্টেশনে আটকে পড়া ট্রেনটি উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনে দুটি ট্রেন আটকা রয়েছে।।
আহমদ ছফার 'গাভী বিত্তান্ত': বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ক্ষমতার মায়াজাল নিয়ে পাঠচক্র