Published : 20 Feb 2026, 01:05 AM
ময়মনসিংহের তারাকান্দায় আওয়ামীলীগ কার্যালয়ে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে পরিত্যক্ত আওয়ামীলীগ কার্যালয়ে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং দেয়াল ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্র জানায়, এর আগে সকালে কার্যক্রম নিষিদ্ধঘোষিত একটি দল আওয়ামীলীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা স্থাপন করে। এরপর বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় তারা কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং দেয়ালের ইট ভাঙচুর করেন।
উল্লেখ্য, পূর্বের গণ-অভ্যুত্থানে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালে কয়েকজন সেখানে কার্যক্রম চালুর ঘোষণা দেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আওয়ামীলীগ আবারও কার্যক্রম শুরু করার চেষ্টা করছে দেখে আমরা সেখানে গিয়ে তাদের লাগানো স্টিকার ছিঁড়ে আগুন দিয়েছি এবং দেয়াল ভেঙেছি। আমরা কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়েছি।
” তিনি আরও বলেন, “আমরা পুলিশকে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।” তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, রাতে আগুন দেওয়া হলেও সেটি দ্রুত নিভে যায় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি। তিনি আরও বলেন, আওয়ামীলীগ কোনো কার্যক্রম করতে পারবে না এবং এখানে কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে দেওয়া হবে না।।
আহমদ ছফার 'গাভী বিত্তান্ত': বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ক্ষমতার মায়াজাল নিয়ে পাঠচক্র