Published : 09 Apr 2026, 03:04 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। গত বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই সময়ে, হামের লক্ষণ নিয়ে আরও ২৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল পর্যন্ত, হাসপাতাটিতে মোট ৭৬ জন শিশু হাম অথবা হামের উপসর্গে চিকিৎসাধীন রয়েছে।
মৃত শিশুরা হলো নেত্রকোনার সদর উপজেলার ইলিয়াস হোসেনের ৩ মাস বয়সী কন্যা আদিবা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার ৮ মাস বয়সী পুত্র আরাফাত। হাসপাতাল সূত্র জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অল্প অল্প করে হামের লক্ষণ নিয়ে শিশুরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আসতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম এই রোগীদের চিকিৎসা করছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে এবং এই সময়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত, মোট ৩২৪ জন শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ২৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।।
রামপুরায় মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু: গ্রেপ্তার মূল সন্দেহভাজন