Published : 16 Apr 2026, 07:05 PM
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা মো. সিরাজ তাঁর পাঁচটি ট্রলারের জন্য চট্টগ্রাম থেকে ২,২০০ লিটার ডিজেল সংগ্রহ করেছিলেন। গত সোমবার রাত আড়াইটার দিকে মাইজচরা গ্রামের চৌধুরী বাজারে তেলবাহী পিকআপ ভ্যান পৌঁছানোর সাথে সাথেই একদল দুর্বৃত্ত হামলা করে ডিজেল লুট করে নিয়ে যায়। সিরাজ স্থানীয় এক বিএনপি নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানান। তবে, গতকাল বুধবার রাতে ওই নেতার মধ্যস্থতায় ২ লক্ষ ৬০ হাজার টাকার ডিজেল ফেরত পেয়েছেন তিনি। সিরাজ জানান, সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তিনি তাঁর ট্রলারগুলো চট্টগ্রাম থেকে রামগতিতে সরিয়ে এনেছিলেন। ট্রলারগুলোর জ্বালানির জন্য ডিজেল কেনার সময় এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা পিকআপের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডিজেলসহ গাড়িটি ছিনিয়ে নেয়। সিরাজের অভিযোগ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ও তাঁর সহযোগীরা এই লুটকান্ডের সাথে জড়িত। তবে, নিজাম উদ্দিন চৌধুরী দাবি করেন, সিরাজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল ব্যবসা করছেন। চলমান তেলের সংকটকে সুযোগ নিয়ে তিনি চট্টগ্রাম থেকে তেল এনে বেশি দামে বিক্রি করছিলেন। তিনি স্থানীয় চৌকিদারকে গাড়িটি আটকাতে বলেছিলেন, কিন্তু তার আগেই কিছু সন্ত্রাসী তেলসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি তেল ফেরত পাইয়ে দেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, তেল লুটের খবর পাওয়ার পর তাঁরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, সিরাজ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে চাওয়ায় তাঁরা অভিযান চালাননি। তিনি আরো জানান, সিরাজ তেল ফেরত পাওয়ার পরে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।।
বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল, কিন্তু প্রাকৃতিক কারণে মাঝে মাঝে বিভ্রাট অনিবার্য