Published : 30 Jul 2026, 02:28 AM
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। গত বুধবার (২৯ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে সিআইডি সদর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এই নিয়োগের পূর্বে, ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এনএসআই-এ কর্মরত থাকাকালীন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। পুলিশ বাহিনীতে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের অধীনে।
কর্মজীবনের বিভিন্ন ধাপে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ এবং গবেষণা ও পাঠ্যক্রম উন্নয়নে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির সদর দপ্তর ছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে তাঁর দীর্ঘ সময় ধরে দায়িত্ব ছিল। মাঠ পর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এর পাশাপাশি যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। দেশ-বিদেশে তাঁর প্রশিক্ষণের অভিজ্ঞতাও উল্লেখযোগ্য; মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত দশম ইন্টারপা সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরেও দক্ষতা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।।
ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন সমন্বিত আক্রমণ