Published : 21 Jul 2026, 01:13 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭/৭/২০২৬ তারিখ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে—এই ধরনের কোনো বিজ্ঞপ্তি সম্পূর্ণ অসত্য এবং এর সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই। পরীক্ষাসংক্রান্ত সকল সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। একই সাথে, আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সকল নাগরিককে গুজব ও ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ১৬ জুলাই রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ মোট ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম ব্যতীত বাকি জেলাগুলো হলো—রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।।