Published : 10 Jul 2026, 12:01 PM
সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে পাল্টাপাল্টি আক্রমণের মুখেও যুক্তরাষ্ট্র তাদের 'কারিগরি আলোচনা' অব্যাহত রাখার সংকল্প নিয়েছে। সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতিও বজায় রয়েছে বলে বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার সূত্রে জানা গেছে। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউ। এই কর্মকর্তা উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনাকে তিনি 'সন্ত্রাসী কার্যকলাপ' হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি 'সমাপ্ত' হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তা জানান, এই আলোচনার গতি নির্ভর করছে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপর।
তাদের দাবি, ইরানের সাম্প্রতিক কার্যকলাপ চুক্তি লঙ্ঘনের অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। তা সত্ত্বেও তেহরানের সঙ্গে আলোচনা থামবে না। গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি এখন বড় ধরনের চাপের মুখে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, 'আমি আর তাদের (ইরান) নিয়ে মাথা ঘামাতে চাই না।' সম্মেলন শেষে ট্রাম্প দাবি করেন, সংঘাত নিরসনে নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি আরও বলেন, 'তারা কিছুক্ষণ আগেই ফোন করেছে।
তারা সত্যিই একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা সেই চুক্তির যোগ্য কি না, তা আমি জানি না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা কি চুক্তি মেনে চলবে?' অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রই সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপ, নতুন করে হামলার হুমকি এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন চুক্তি ভঙ্গ করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং পরে মার্কিন ট্রেজারি বিভাগ তেল বিক্রির সুযোগ দেওয়ার একটি বিশেষ ছাড়ও প্রত্যাহার করে নেয়।।
আলোচনার পথে ইরান, মার্কিন সম্মতি; যুদ্ধবিরতি সমাপ্ত: ট্রাম্পের মন্তব্য