Published : 09 Jul 2026, 01:01 PM
যুক্তরাষ্ট্রের স্বনামধন্য হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত 'অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬'-এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ চলছে। এই আট সপ্তাহের অনলাইন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নিলে শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ অর্থায়ন। এই প্রোগ্রামের এক বিশেষ সুবিধা হলো, এখানে ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস (IELTS) স্কোর বাধ্যতামূলক নয়। 'অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম' হলো এমন একটি নেতৃত্ব বিকাশ প্ল্যাটফর্ম, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জীবন পরিবর্তন করতে এবং তাদের সমাজকে প্রভাবিত করতে সক্ষম করে তোলে। এই প্রোগ্রামটি হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের উদ্যোগে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য এই নেতৃত্বমূলক কোর্সটি সম্পূর্ণ অর্থায়িত।
যারা ঘরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। প্রোগ্রামের কিছু প্রধান আকর্ষণ: * আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অংশগ্রহণের সুযোগ। * বিশ্বমানের শিক্ষাবিদদের কাছ থেকে সরাসরি ক্লাস করার সুযোগ (হার্ভার্ডসহ)। * বিশ্বজুড়ে মেধাবী সহপাঠীদের সাথে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার সুযোগ। * উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা। * ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।
আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে: আবেদনকারী ১৮ থেকে ২৯ বছর বয়সী হতে হবে, বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা শেষ করেছেন এমন হতে হবে। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিবারে প্রথমবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে উন্মুক্ত। আবেদনের শেষ তারিখ আগামী ১০ জুলাই ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য এবং আবেদনের প্রক্রিয়া জানতে লিঙ্কে ক্লিক করুন।।