Published : 25 May 2026, 06:10 PM
দেশের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় হাম ও এর জটিলতায় আরও ১৭ জন শিশু মারা গেছে। এই নিয়ে চলতি বছরে হামে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৪৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ সোমবার (২৫ মে) প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে, সারাদেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৭ জন নতুন রোগী।
তাঁদের মধ্যে ৯৭ জনের শরীরে পরীক্ষাগারে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এই বছর এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে ৮৭ জন শিশু মারা গেছে। এছাড়াও, হামের উপসর্গ নিয়ে আরও ৪৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মোট ৮ হাজার ৭১৯ জনের শরীরে হাম ভাইরাস শনাক্ত করা হয়েছে।
সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে এখন পর্যন্ত ৬৪ হাজার ৯৪০ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন, যাদের মধ্যে ৪৭ হাজার ৬১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।।