Published : 25 May 2026, 01:51 AM
ইরানের সাথে যেকোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে নিজের প্রতিনিধিদের সময় নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৪ মে) তিনি এক বার্তায় জানান, হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের জাহাজগুলোর উপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এই বক্তব্যে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে তৈরি হওয়া আপোষের সম্ভাবনা কিছুটা হলেও ধীর হয়ে যেতে পারে। নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' তিনি বলেন, “একটি চুক্তিতে পৌঁছানো এবং তাতে স্বাক্ষর করা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজগুলোর উপর অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।” তবে আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, “আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি পেশাদারিত্বের সাথে বাড়ছে।
” সতর্ক করে তিনি যোগ করেন, “উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং সবকিছু সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এখানে কোনো ভুল করার সুযোগ নেই!” এর আগে, ট্রাম্প জানিয়েছিলেন ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির বিষয়ে ‘প্রাথমিকভাবে’ একমত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। উল্লেখ্য, এই সংকটের পূর্বে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো। ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে রবিবার তিনি যে চুক্তির কথা বলেছেন, সেটি একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা নাকি চূড়ান্ত শান্তি চুক্তি—তা এখনও স্পষ্ট নয়।
বর্তমানে দুই পক্ষ বেশ কিছু জটিল বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ তেল রাজস্ব ফেরত দেওয়ার দাবি। এছাড়াও, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান সংঘাত আলোচনার পথে একটি বড় বাধা। যুক্তরাষ্ট্র ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক মাসের লড়াই বন্ধে প্রস্তাবিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলে প্রাথমিকভাবে ইরানি জাহাজগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে। এর বিনিময়ে ইরানও তাদের বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেবে।।