Published : 25 May 2026, 12:13 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুখ্যাত অপরাধী আখড়া জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশ ক্যাম্পের উপর সোমবার (২৫ মে) ভোরের আলো ফোটার আগেই হামলা চালায় সশস্ত্র ‘ইয়াসিন গ্যাং’। এই হামলার পর অপরাধীদের গ্রেপ্তারে এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, আনুমানিক রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জঙ্গল সলিমপুরের র্যাব ক্যাম্প ঘিরে ফেলে অতর্কিতভাবে গুলি চালায়। র্যাব সদস্যরাও নিজেদের বাঁচাতে পাল্টা গুলি করেন।
তবে গোলাগুলির মধ্যে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং যৌথ অভিযান জোরদার করা হয়েছে। খবরটি লেখার সময় পর্যন্ত অভিযান চলছিল। স্থানীয় সূত্র থেকে জানা যায়, একই সময়ে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পুলিশ ক্যাম্পেও সন্ত্রাসীরা হামলা চালায়।
এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের ডিএডি মোতালেব হোসেন নিহত হয়েছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে জঙ্গল সলিমপুর কুখ্যাত অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ২০১৭ ও ২০২২ সালে প্রশাসন এই এলাকাকে অপরাধমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালালেও স্থানীয় সন্ত্রাসীদের বাধার কারণে পুরোপুরি সফল হয়নি।।