Published : 10 May 2026, 08:04 PM
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের উত্তরে ইরান তাদের মতামত জানিয়েছে। ইসলামাবাদ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় ইরান জানিয়েছে, প্রথম ধাপে শত্রুতা বন্ধের ওপর জোর দেওয়া প্রয়োজন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আজ রোববার এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, পাকিস্তান নিশ্চিত করেছে যে তারা মার্কিন প্রস্তাবের প্রেক্ষিতে ইরানের বার্তা হাতে পেয়েছে। তিনি আরও বলেন, “এখন দেখার বিষয়, পাকিস্তান কত দ্রুত এই বার্তা ওয়াশিংটনে পাঠায় এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়।
” উল্লেখ্য, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিপূর্বে বেশ কয়েকবার প্রস্তাব-পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছিল, যার জবাব দেওয়ার সময়সীমা ছিল গত শুক্রবার। তবে ইরান সময়মতো সেই প্রস্তাবের উত্তর দিতে পারেনি। এর আগে, গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন, কিন্তু সেখানেও কোনো সমঝোতা হয়নি। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর ইরানও পাল্টা ইসরায়েলে হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও আক্রমণ করে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর শুরু হওয়ার আগে এই সংঘাতের একটি সমাধান খুঁজে বের করা জরুরি। কারণ এই যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।।