Published : 29 Mar 2026, 01:04 AM
আজ শনিবার, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার আসেন তারেক রহমান। সন্ধ্যায় দলের ৪৫ জন সংসদ সদস্যের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। রাত নয়টার দিকে বৈঠক শেষ করে তারেক রহমান কার্যালয় ত্যাগ করেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব এমন সংসদ সদস্যদের আমন্ত্রণ জানান, যারা সংসদে নিজেদের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করতে সক্ষম এবং প্রতিশ্রুতিশীল। তাঁদের মধ্যে হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, শাহাদাত হোসেন সেলিম, হুম্মাম কাদের চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, মোশাররফ হোসেন প্রমুখ উল্লেখযোগ্য। বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদীয় রীতিনীতি ও আচার-ব্যবহার সম্পর্কে সংসদ সদস্যদের ধারণা দেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এর আগে, সন্ধ্যা সাড়ে সাতটায় তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা শুরু করেন। বৈঠক শেষে, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। জনগণের দুর্ভোগ কমাতে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও আসার আগ্রহ প্রকাশ করে তারেক রহমান নেতা-কর্মীদের রাস্তা অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার স্পষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আমি আরও এক-দু’দিন আসতে পারি।
যদি দেখি পরিস্থিতি স্বাভাবিক আছে, তাহলে অবশ্যই আসব। কিন্তু যদি স্বাভাবিক না থাকে, তাহলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ, আমার উপস্থিতিতে যদি আপনারা এমন করেন, তাহলে সাধারণ মানুষের অনেক সমস্যা হবে। এই পথ দিয়ে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করে, তাদের দুর্ভোগ হবে… তাই প্রত্যেক নেতা-কর্মীকে এ ব্যাপারে সচেতন ও সতর্ক থাকতে হবে।’।