Published : 06 May 2026, 10:07 AM
ইরানের সাথে একটি বিস্তৃত চুক্তির সম্ভাবনা উজ্জ্বল হওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর থেকে সাময়িকভাবে সামরিক পাহারা বা টহল বন্ধ করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার (৫ মে) এই খবর জানানো হয়। এর আগে, একই দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পারস্য উপসাগরে আটকা পড়া তেলবাহী জাহাজগুলোকে উদ্ধার করার জন্য শুরু হওয়া বিশেষ নৌ-অভিযানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্প সামাজিক মাধ্যম বার্তায় লিখেছেন, “আমরা উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছি যে, ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আগের মতোই কঠোরভাবে বজায় থাকবে। তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই সামরিক অভিযানটি অল্প সময়ের জন্য স্থগিত করা হলো, যাতে দেখা যায় চুক্তিটি চূড়ান্ত করা যায় কিনা।” তেহরান থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২.৩০ ডলার কমে ১০০ ডলারের নিচে নেমে আসে।
হোয়াইট হাউস থেকে আলোচনার অগ্রগতি এবং এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে মার্কিন নৌবাহিনী হরমুজে আটকা পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করবে। একইসাথে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এই প্রক্রিয়ায় বাধা দেয়, তবে মার্কিন সামরিক বাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার জানান, হরমুজ প্রণালির ওপর ইরান যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তা নিশ্চিত করা হবে। গত দুই মাস ধরে চলা উত্তেজনার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহের ২০ শতাংশ ব্যাহত হচ্ছিল এবং জ্বালানি সংকট দেখা দিচ্ছিল। রুবিও যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানায় যে, প্রণালিতে একটি মালবাহী জাহাজে কোনো বস্তু আঘাত করেছে।
তবে এই ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে এই জলপথে জাহাজ চলাচলের একটি নিরাপদ পথ তৈরি করেছে এবং অসংখ্য বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি আরো জানান, ইরানের সাথে চার সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তিনি বলেন, “বর্তমানে যুদ্ধবিরতি বজায় রয়েছে, তবে আমরা পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি।” মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের হামলাগুলো বর্তমানে এমন পর্যায়ে নেই যে পুনরায় বড় কোনো সামরিক অভিযান শুরু করার প্রয়োজন হবে।।
ভারতবর্ষের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পরমাণু শক্তিধর দেশের তালিকায় আরও এক ধাপ এগিয়ে?