Published : 28 Feb 2026, 01:05 PM
জুলাই মাসের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের জামিন এবং বন্ধ থাকা দলীয় কার্যালয়গুলো পুনরায় খুলে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। গতকাল এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার এবং আওয়ামী লীগের কর্মীরা জুলাই-আগস্টের গণ-আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। একইসাথে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো পুনরায় চালু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশবাসী আশঙ্কা করছে, এই কার্যালয়গুলো থেকে আবারও দেশবিরোধী কার্যকলাপ চালানো হতে পারে। এই পদক্ষেপ গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীনদের এই ধরনের আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, জুলাই মাসের ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র সেলিনা হায়াৎ আইভী সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে। এছাড়াও, আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য ও মাদক ব্যবসার সাথে জড়িত আবদুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে জুলাই মাসের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা জামিনে মুক্ত হয়ে আবারও সহিংসতায় জড়িয়ে পড়তে পারে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি উল্লেখ করেন, জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়াও, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের যে কার্যালয়গুলো পুনরায় খোলা হয়েছে, সেগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায়, ছাত্র-জনতাকে সাথে নিয়ে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।।
সমুদ্রপথে তেলের দাম বৃদ্ধি: লোহিত সাগরের বাধা সত্ত্বেও এশিয়ার জন্য সৌদি আরবের নতুন কৌশল