Published : 26 Jan 2026, 05:05 PM
মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশের সালামাঙ্কা শহরে এক ফুটবল মাঠে আকস্মিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন এবং গুরুতর আহত হয়েছেন ১২ জন। স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়েতো তাঁর ফেসবুক পেজে এক বিবৃতিতে এই নৃশংস হামলার খবর নিশ্চিত করেন। রয়টার্স ও এএফপি জানিয়েছে, সালামাঙ্কার ‘লোমা ডি ফ্লোরেস’ এলাকার একটি ফুটবল মাঠে খেলা শেষ হওয়ার পর খেলোয়াড় ও দর্শকরা যখন গল্পগুজব করছিলেন, ঠিক তখনই একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মেয়র সিজার প্রিয়েতো এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ‘অপরাধী চক্রগুলো স্থানীয় প্রশাসনকে দুর্বল করার চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের যে যেখানেই থাকুক, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।’ গুয়ানাহুয়াতো মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং পর্যটন কেন্দ্র। কিন্তু গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের কারণে এটি দেশের অন্যতম বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী, এই রাজ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে। এমনকি এই হামলার আগের রাতেও সালামাঙ্কা শহরে চারটি ব্যাগে মানুষের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই হামলার তদন্ত শুরু করেছে। স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ যৌথভাবে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এর আগে জানিয়েছিলেন, তাঁর প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের কারণে গত এক দশকে দেশটির হত্যাকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গুয়ানাহুয়াতের এই রক্তক্ষয়ী ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।।
পিছিয়ে গেলেও জয়: দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করল এশিয়া