Published : 02 Feb 2026, 03:06 PM
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য বাংলাদেশ! ভুটানের বিপক্ষে গোল উৎসবের পর এবার শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ২-০ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ভারত ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। টুর্নামেন্টের শুরুতেই বাংলাদেশ ভুটানের জালে ১২টি গোল দিয়েছিল। সেই ম্যাচে মুনকি আক্তার চারটি, আলপি ও তৃষ্ণা একটি করে হ্যাটট্রিক করেন। অন্যদিকে, ভারত নেপালকে হারিয়ে শুভসূচনা করলেও আজ বাংলাদেশের কাছে হার মানতে হলো। আগামী বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ভারতের আক্রমণাত্মক মনোভাব দেখা গেলেও ধীরে ধীরে বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণ নেয়।
প্রথম ২৫ মিনিট প্রতিপক্ষের আক্রমণ সামলে নিয়ে পিটার বাটলারের শিষ্যরা পাল্টা আক্রমণের পরিকল্পনা সাজান। এবং এর ফলও তারা দ্রুত পেয়ে যায়। ২৯ মিনিটে মামনি চাকমার নেওয়া বুদ্ধিদীপ্ত ফ্রি কিক ভারতীয় গোলকিপার মুন্নি তালগোল পাকিয়ে ফেলেন। বল গোললাইনের কাছে থাকা অর্পিতা বিশ্বাসকে পেয়ে যায়, যিনি সুযোগটি কাজে লাগিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। ৪০ মিনিটে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। তৃষ্ণা রানীর ডান দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রস আলপি গোলমুখে ঠেলে দেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। গোলপোস্টের নিচে আজ বাংলাদেশের ইয়ারজান বেগম ছিলেন দুর্ভেদ্য। প্রথমার্ধে তিনি প্রতিপক্ষের পাঁচটি নিশ্চিত সুযোগ ব্যর্থ করে দেন।
একবার তিনি লাফিয়ে উঠে ফ্রি কিক তালুবন্দি করেন, অন্যবার পৃতিকা বার্মার শট আটকে দেন। দ্বিতীয়ার্ধে ভারত গোল শোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও বাংলাদেশের জমাট রক্ষণভাগ তাদের সুযোগ করে দেয় না। দারুণ দৃঢ়তার সাথে ডিফেন্ডাররা খেলেন এবং ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ ও ভারত উভয়ই বর্তমান চ্যাম্পিয়ন। ২০২৪ সালে তারা যৌথভাবে এই প্রতিযোগিতার শিরোপা জেতে। এই বছর পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অংশ নিচ্ছে না। তাই চারটি দল নিয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটি দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।।
ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, “কোলম্যানকে নিয়ে আমি আশাবাদী”—প্রথম আলো