Published : 06 Feb 2026, 07:07 AM
ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) আর্থিক বিধি লঙ্ঘন করায় লেস্টার সিটির ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে লেস্টার ১৯তম স্থান থেকে ২০তম স্থানে নেমে গেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা এখনো অবনমন অঞ্চলের বাইরে রয়েছে। বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী এই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৩-২৪ মৌসুমের লাভ ও টেকসই নীতি (পিএসআর) লঙ্ঘনের অভিযোগে প্রিমিয়ার লিগ গত মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যার ফলস্বরূপ এই শাস্তি ঘোষণা করা হলো। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লেস্টার বর্তমানে কোচবিহীন। জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর থেকে ক্লাবটি স্থায়ী কোচ ছাড়াই খেলছে। লেস্টার ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের প্রতি নিজেদের হতাশা প্রকাশ করে একে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছে।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, “প্রিমিয়ার লিগ যে কঠোর শাস্তির দাবি জানিয়েছিল, কমিশন তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। তবে প্রস্তাবিত শাস্তি এখনো আমাদের যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং আমরা উপস্থাপিত বিষয়গুলোর যথাযথ প্রতিফলন দেখতে পাচ্ছি না। এই সিদ্ধান্তের আমাদের চলতি মৌসুমের লক্ষ্যের উপর বড় প্রভাব পড়তে পারে।” লেস্টার আরও জানায়, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বিকল্পগুলো বিবেচনা করছে এবং একটি ন্যায্য ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায়। পিএসআর অনুযায়ী, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তিন বছরে ১০ কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি লোকসান করতে পারবে না। তবে, যদি কোনো ক্লাব শীর্ষ লিগের বাইরে মৌসুম কাটায়, তবে এই সীমা প্রতি মৌসুমে ২ কোটি ২০ লাখে কমে যায়। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, লেস্টারের লোকসান দাঁড়িয়েছে ১ কোটি ৯৪ লাখ পাউন্ড। ২০২২-২৩ মৌসুমের আর্থিক বিবরণীতে লেস্টার জানিয়েছিল, তাদের লোকসান ছিল ৮ কোটি ৯৭ লাখ পাউন্ড।
এর আগে, ২০২২ সালের মে মাস পর্যন্ত ১২ মাসে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ৯ কোটি ২৫ লাখ পাউন্ড লোকসান হয়। তবে, এই হিসাবে অবকাঠামো নির্মাণ ও নারী ফুটবল বিনিয়োগের মতো কিছু খরচ অন্তর্ভুক্ত করা হয়নি, যা প্রিমিয়ার লিগ ও ইএফএল সাধারণত ক্লাবের প্রয়োজনীয় ব্যয় হিসেবে গণ্য করে। প্রিমিয়ার লিগের অভিযোগের ভিত্তিতে মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় ইএফএল। এদিকে, চোটের কারণে মাঠের বাইরে থাকার সময় ক্লাবের এই দুঃসংবাদটি পান হামজা। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে খেলতে গিয়ে তিনি চোট পান। লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, হামজার হাঁটুতে স্ক্যান করা হবে এবং ধারণা করা হচ্ছে, তিনি ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন।।
ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, “কোলম্যানকে নিয়ে আমি আশাবাদী”—প্রথম আলো