Published : 08 Feb 2026, 01:06 AM
ইউটিউবে নতুন বাংলা সিনেমা খুঁজতে গিয়ে অনেকেই হয়তো ধাঁধায় পড়েছেন – ‘চক্রব্যূহ’? সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। নামের এই পরিবর্তন নিয়ে কৌতুহল জাগার আগে, সিনেমাটি দেখতে শুরু করলে বোঝা যায়, এটি আসলে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমার পরিবর্তিত রূপ। ১ ঘণ্টা ৫১ মিনিটের এই সিনেমার শুধু নাম নয়, ভাষাগত পরিবর্তনও চোখে পড়ার মতো। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত গল্পে ব্যবহার করা হয়েছে কলকাতার আঞ্চলিক ভাষা। এছাড়াও, কিছু দৃশ্য সম্পাদনা করে নতুন করে উপস্থাপন করা হয়েছে, এবং কালার গ্রেডিংয়ের মাধ্যমে ভিন্নতা আনা হয়েছে। সব মিলিয়ে, সিনেমাটি যেন ইউটিউবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। তাহলে কি কপিরাইট বিক্রির কারণে এমন হলো? পরিচালক মিঠু খান জানালেন ভিন্ন কথা। শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে জানান, এ বিষয়ে তার কোনো ধারণা নেই। প্রতিবেদকের কাছে সিনেমাটির লিংক চেয়ে তিনি নিজে দেখার পর বলেন, ‘এটা কীভাবে ইউটিউবে এলো আমি জানি না।
আমরা কপিরাইট ইউটিউব চ্যানেলের কাছে বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কেউ বা কারা এটা করেছে, আমরা দ্রুত খুঁজে বের করে ব্যবস্থা নেব।’ পরিচালক আরও জানান, সিনেমাটির ডিজিটাল সংস্করণ অন্য কারো কাছে থাকার কথা নয়। তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আমি সিনেমার কাজ কলকাতায় করিয়েছি। তাদের কাছে একটি কপি রয়েছে। আমার ধারণা, সেখানকার কেউ সিনেমাটি ইউটিউবে প্রকাশ করেছে। এভাবে পাইরেসি হওয়ার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ, সিনেমাটি কিছুদিন আগেই দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে। কারা এটা করেছে, সেটা পোস্ট প্রোডাকশনের কাজ করা প্রতিষ্ঠানের কাছে জানতে পারলেই বোঝা যাবে।
আমরা দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করছি।’ আরও পড়ুন: শুভর পাশে মন্দিরা, বললেন—‘এই যে পাশে এলে, এই যে কাছে এলে’ সিনেমার গল্পে দেখা যায়, হঠাৎ করে অনলাইনে ছড়িয়ে পড়েছে ১৬ জন তরুণীর ব্যক্তিগত ভিডিও। এই ঘটনায় ৫ জন আত্মহত্যা করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে একটি গোপন চক্র। এই চাঞ্চল্যকর প্লট নিয়েই নির্মিত হয়েছে ‘নীলচক্র’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এছাড়াও, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ অভিনেতারাও রয়েছেন। সংগীতশিল্পী বালাম এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন।।
কিংবদন্তী আশা ভোসলের বিদায়: সঙ্গীতাকাশে চিরস্থায়ী আলো নিভে গেল