Published : 05 Mar 2026, 05:06 AM
হলিউডের ঝলমলে তারকা সেলেনা গোমেজ এবং জনপ্রিয় সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর গাঁটছড়া বেঁধেছিল ২০২৫ সালে, এক জাঁকজমকপূর্ণ আয়োজনে। ভক্তদের কাছে তারা ছিলেন যেন এক স্বপ্নের জুটি। সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সেলেনা, যেখানে তিনি প্রকাশ করেছেন বড় পরিবার গঠনের তার আকাঙ্ক্ষা। তার ইচ্ছা, চারজন সন্তানের মা হওয়া। ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ নামের পডকাস্টে বেনি ব্লাঙ্কো ও লিল ডিকির সঙ্গে খোলামেলা আলোচনায় সেলেনা তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেখানে সন্তানের সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। সেলেনা জানান, তার মনে একটি বিশেষ পারিবারিক দৃশ্যপট সবসময় উজ্জ্বল থাকে। ২০০৫ সালের ‘দ্য ফ্যামিলি স্টোন’ সিনেমাটিতে ডায়ান কিটন অভিনীত একটি পারিবারিক খাবারের দৃশ্য দেখে তার এই আকাঙ্ক্ষার জন্ম হয়।
সেলেনা বলেন, “একদিন আমারও এমন একটি ডিনার টেবিল চাই, যেখানে সবাই একসঙ্গে থাকবে—আমার সঙ্গী, আমার সন্তান, একটি সুন্দর পরিবার।” ছবিটি তার কাছে ছিল মিষ্টি, আবেগপূর্ণ, এবং একইসাথে কিছুটা বিষাদময়। সেই দৃশ্য তাকে তার নানার কথা মনে করিয়ে দেয়। তবে স্বপ্ন সবসময় বাস্তব হয় না, সেটিও তিনি স্বীকার করেন। সেলেনার ভাষ্য, “যা হওয়ার হবে। আমাদের হাতে সবকিছু নেই। হয়তো আমাদের একটি সন্তান হবে, অথবা নাও হতে পারে। কিন্তু ডিনার টেবিলের সেই দৃশ্যটি আমার স্বপ্ন—একটি সুন্দর, সাজানো পরিবার।
” মজার ছলে তিনি আরও বলেন, “সন্তানরা বড় হওয়ার আগ পর্যন্ত সময়টা নিশ্চিতভাবেই ‘পুরো পাগলামি’!” এর আগে বেনি ব্লাঙ্কোও বেশ কয়েকবার বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, মামা হতে পেরে তিনি আনন্দ পান, তবে একদিন তিনিও বাবা হতে চান। উল্লেখ্য, সেলেনা ও বেনি ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন সেলেনার বহুদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এছাড়াও ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক এবং উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি। (পিপল ডটকম অবলম্বনে)।
কিংবদন্তী আশা ভোসলের বিদায়: সঙ্গীতাকাশে চিরস্থায়ী আলো নিভে গেল