Published : 16 Mar 2026, 12:08 PM
হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা ছবির স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, রায়ান কুগলারের ‘সিনার্স’ একাধিক বিভাগে পুরষ্কার জিতে এবারের অস্কারে নিজেদের আলাদা করে তুলেছে। হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেরা ছবির পুরস্কারের পাশাপাশি পল টমাস অ্যান্ডারসন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পরিচালনার জন্য অস্কার জিতেছেন। ছবিটি ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের ‘ভাইনল্যান্ড’ উপন্যাস অবলম্বনে তৈরি, যেখানে আধুনিক আমেরিকার নানা বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতা বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘাত এবং শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয়গুলো গল্পের মধ্যে দক্ষতার সাথে বিনোদনের মোড়কে উপস্থাপন করেছেন। এছাড়াও, এই ছবিটি সেরা রূপান্তরিত চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার পুরস্কারও নিজেদের দখলে নিয়েছে। এদিকে, রায়ান কুগলারের ভৌতিক সিনেমা ‘সিনার্স’ একাধিক বিভাগে ইতিহাস গড়েছে।
মাইকেল বি জর্ডান এই ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। একইসাথে, ‘সিনার্স’ সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত এবং সেরা চিত্রগ্রহণের পুরস্কারও লাভ করেছে। আইরিশ অভিনেত্রী জেসি বাকলি ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এর আগে, এই ছবির জন্য তিনি গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা এবং অ্যাক্টর অ্যাওয়ার্ডসেও সম্মানিত হয়েছিলেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শন পেন, পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় কর্নেলের চরিত্রে অভিনয়ের জন্য। এর আগে ‘মিল্ক’ সিনেমার জন্যেও তিনি অস্কার জিতেছিলেন। অন্যদিকে, অ্যামি মুলিগান হরর সিনেমা ‘ওয়েপনস’-এ অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অ্যানিমেশন বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মিউজিক্যাল ছবি ‘কে–পপ ডেমন হান্টার্স’।
একই ছবির জনপ্রিয় গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কারও। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার গেছে ‘দ্য গার্লস হু ক্রাইড পার্লস’-এর ঝুলিতে। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ জিতেছে সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার। সেরা মেকআপ ও হেয়ারস্টাইলের পুরস্কার পেয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। এদিকে, সেরা সাউন্ডের পুরস্কার জিতেছে ‘এফ১’ সিনেমা। সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। আর সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে নরওয়ের নির্মাতা ইয়োয়াকিম ট্রিয়েরের পারিবারিক নাট্যধর্মী ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।।
কিংবদন্তী আশা ভোসলের বিদায়: সঙ্গীতাকাশে চিরস্থায়ী আলো নিভে গেল