Published : 29 Jan 2026, 11:05 AM
একসময় ঢাকার ধারাবাহিক নাটকগুলো ছিল দর্শকদের কাছে প্রিয় সঙ্গী। সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও, বিদেশি নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। তবে আবারও দেশের ধারাবাহিক নাটকগুলো দর্শকপ্রিয়তা ফিরে পাচ্ছে, বিশেষ করে পারিবারিক গল্পগুলো দর্শকদের মন জয় করছে। মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ তেমনই একটি নাটক, যা দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। দর্শকরা বলছেন, এই নাটকটি পরিবারের সকলে একসাথে উপভোগ করার মতো, এবং তারা গল্পের চরিত্রগুলোর সাথে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান।
নাটকটি ইউটিউবে প্রতি পর্বে লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে, যা সত্যিই অভাবনীয়। নির্মাতা সম্প্রতি জানালেন, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নাটকটি এখন পর্যন্ত ২৬০ কোটি বার দেখা হয়েছে! বাংলাদেশি সিরিয়ালের ইতিহাসে এটি এক নতুন রেকর্ড। সিনেমাওয়ালা ব্যানারে নির্মিত এই নাটকের নতুন পর্ব প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। নির্মাতা আরও জানিয়েছেন, নাটকের প্রতিটি পর্বেই এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে, যা দেশের নাটকের জন্য প্রথমবার ঘটছে। মঙ্গলবার দুপুরে রাজ তাঁর ফেসবুকে লিখেছেন, “আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, ‘এটা আমাদের গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সামাজিক মাধ্যমে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ভিউ অর্জন করেছে।
প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। এই বিপুল ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।” ‘এটা আমাদেরই গল্প’ নাটকের গল্পে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব এবং মমত্ববোধ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ একঝাঁক তারকা এই নাটকে অভিনয় করেছেন।।
ঈদের বিশেষ আকর্ষণ: কোন চ্যানেলে কী থাকছে – নাটক, সংগীত ও বিনোদনের সম্ভার