Published : 08 Feb 2026, 11:07 AM
জার্মানিতে ছুটি কাটানো আর স্পেনে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা – এই ছিল মোহাম্মদ সিরাজের পরিকল্পনা। হায়দ্রাবাদের বন্ধুদের সাথে এই ভ্রমণের কথা আগেই চূড়ান্ত করেছিলেন তিনি। এতটাই নিশ্চিত ছিলেন যে, ভারতীয় দলের ট্রেইনার অ্যাড্রিয়ান লে রু ফোন করলে বিরক্তি প্রকাশ করেছিলেন! গত শুক্রবার পর্যন্ত আইপিএলের জন্য মুম্বাই যাওয়ার কোনো চিন্তাও ছিল না তাঁর। কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যে সবকিছু পাল্টে গেল। ক্রিকেটের বাইরে সময় কাটানোর স্বপ্ন দেখা সিরাজ গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামলেন বিশ্বকাপ খেলতে। শুধু খেলেননি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচে অন্যতম নায়ক হয়ে উঠেছেন। বিশ্বকাপ দলে শুরুতে সুযোগ না পেলেও হর্ষিত রানা চোট পাওয়ায় আচমকা সিরাজকে দলে ডাকা হয়। বিসিসিআই রানার টুর্নামেন্ট খেলতে না পারার খবর জানানোর পরেই সিরাজকে অন্তর্ভুক্ত করা হয়। এমন অপ্রত্যাশিত খবরে খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব বেশি পাননি তিনি। ২০২৪ সালের জুলাইয়ের পর কালই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন সিরাজ। ম্যাচের পর সিরাজ জানালেন, ‘হঠাৎ সূর্য ভাই (অধিনায়ক সূর্যকুমার যাদব) আমাকে ফোন দিলেন।
বললেন, “তৈরি হয়ে নাও, ব্যাগ গুছিয়ে চলে এসো।” আমি বললাম, সূর্য ভাই, মজা করবেন না, এটা সম্ভব নয়।’ সূর্য ভাই বললেন, “আমি সত্যি বলছি, তৈরি হয়ে নাও।” ফোন রাখার সঙ্গে সঙ্গেই জাতীয় নির্বাচক (প্রজ্ঞান) ওঝার ফোন পেলাম। একদম হঠাৎই চমকে দেওয়ার মতো একটা খবর পেলাম।’ আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বোলিংয়েই কাঁপল ভারতের ব্যাটিং লাইনআপ ১১ ঘণ্টা আগে সিরাজ যোগ করেছেন, ‘সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন, তা কেউ বদলাতে পারে না। আমি এলাম, ম্যাচ খেললাম, সবই আগে থেকে লেখা ছিল। আল্লাহ মহান। তাঁর ইচ্ছার বাইরে কারও কিছু করার ক্ষমতা নেই।’ বিশ্বকাপ দলে না থাকায় সিরাজ জানতেন ফেব্রুয়ারিতে তাঁর কোনো খেলা নেই। তাই ১৫ তারিখে রিয়াল মাদ্রিদের ম্যাচটি দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এরপর রোজা শুরু হওয়ার কথা ছিল, সেই অনুযায়ীই সবকিছু সাজিয়েছিলেন। তবে, বিধাতা যা লিখে রেখেছেন, সেটাই হয়েছে। আরও পড়ুন: পিসিবির কাছে ‘অনিবার্য পরিস্থিতির’ ব্যাখ্যা চেয়েছে আইসিসি ১০ ঘণ্টা আগে হুট করে দলে ঢোকা সিরাজের কাঁধে ছিল ভারতের পেস আক্রমণের নেতৃত্ব। কারণ, জ্বরের কারণে যশপ্রীত বুমরা খেলতে পারেননি। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৬১ রান। এই পুঁজি নিয়ে ম্যাচ জেতার জন্য বোলারদের বিশেষ ভূমিকার দরকার ছিল। সিরাজ সেটাই করেছেন ৪ ওভারে ২৯ রান খরচ করে ৩ উইকেট নিয়ে। বুমরার ছায়ায় না থাকলে সিরাজ আরও বেশি জ্বলে ওঠেন—এমন একটা ধারণা প্রচলিত আছে। টি-টোয়েন্টি প্রত্যাবর্তনে দারুণ বোলিং করে সিরাজ সেই ধারণাকেই আরও পোক্ত করেছেন।।
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, সূর্যবংশীর ঐতিহাসিক অভিষেক এবং দলের নতুন মুখ