Published : 03 Feb 2026, 07:06 PM
কিছুদিন আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার গ্রাউন্ডস বিভাগের প্রধান খালেদ মাসুদ বিস্তারিত জানালেন। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিসিবি দেশজুড়ে মোট ১১টি ক্রিকেট হাব তৈরি করছে। প্রথম ধাপে ৮টি হাবে ১৩৭টি নতুন উইকেট তৈরির পরিকল্পনা তুলে ধরেন খালেদ মাসুদ। খুলনা, বরিশাল, ফতুল্লা, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, বিকেএসপি ও পূর্বাচল – এই শহরগুলোতে নতুন উইকেটের দেখা মিলবে। খালেদ মাসুদ জানান, স্থানীয় কিউরেটররাই এই উইকেটগুলো তৈরি করবেন। বিসিবি তাঁদের প্রয়োজনীয় সহায়তা করবে—যেমন মাটি সরবরাহ করা।
তবে মূল কাজটি করবেন স্থানীয় কিউরেটররাই। খুলনায় ১৫টি, বরিশালে ২৩টি, কক্সবাজারে ৮টি, বগুড়ায় ১০টি, রাজশাহীতে ১২টি, ফতুল্লায় ১৩টি, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ১৯টি এবং পূর্বাচলে ১৩টি উইকেট তৈরি করা হবে। খালেদ মাসুদ জানিয়েছেন, আগামী মে-জুন মাসের মধ্যে এই উইকেটগুলো তৈরি করা হবে। বিসিবি মনে করে, এই উইকেটগুলো তৈরি হলে খেলার পরিবেশ উন্নত হবে, খেলার মান বাড়বে, ম্যাচ আয়োজনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং খেলোয়াড়দের প্রস্তুতি আরও ভালো হবে। প্রাথমিকভাবে, বিসিবি রোলার, ঘাস কাটার মেশিন, পিচ কাভার, উইকেটের জন্য মাটি ও কংক্রিটের উইকেট সরবরাহ করবে। এগুলো স্থানীয় ক্রিকেট একাডেমি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং জেলা-উপজেলার মাঠগুলোতে সাময়িকভাবে ব্যবহার করা হবে। সংবাদ সম্মেলনে খালেদ মাসুদের সঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক মনে করেন, খালেদ মাসুদের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী মৌসুমে জেলাভিত্তিক লিগ আয়োজন করা সহজ হবে। তিনি বলেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা বিশাল উদ্যোগ। আমরা যদি সফল হতে পারি, তাহলে প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন হবে। জুনের মধ্যে কাজ শেষ করতে পারলে, পরের মৌসুম থেকে ঢাকার বাইরের লিগগুলো ভালোভাবে শুরু করা যাবে।’।
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, সূর্যবংশীর ঐতিহাসিক অভিষেক এবং দলের নতুন মুখ