Published : 28 Jun 2026, 12:44 PM
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) এর সকল সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান সাপেক্ষে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একইসঙ্গে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের আস্থা এবং স্বার্থ রক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রসঙ্গত, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই পরিবর্তনের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
এই প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানোর ফলে ব্যাংকের চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারা দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ইসলামী ব্যাংকের বোর্ড বাতিল; গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ