Published : 28 Jun 2026, 01:13 AM
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) এবং চেয়ারম্যানসহ সকল সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল পরিচালকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের হাতে ন্যস্ত করা হয়েছে।
এই প্রশাসনিক পরিবর্তনের ফলে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ও আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রসঙ্গত, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তবে এই নতুন নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানোর ফলে ব্যাংকের চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারা দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে ঘেরাও কর্মসূচির হুমকি দিয়েছে।।
কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ইসলামী ব্যাংকের হাতে আরও ২,৫০০ কোটির তরল অর্থ