Published : 28 Apr 2026, 08:04 AM
পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে গত কয়েক বছরে এক উল্লেখযোগ্য বদল এসেছে। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল এখন দলের পুরনো নেতৃত্ব নয়, বরং একদল তথাকথিত ‘বহিরাগত’ সংস্থার হাতে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই সংস্থাটি হলো ‘আই-প্যাক’ বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি।
লোকসভা নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত সাফল্যের পর তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জী এই পরামর্শদাতা সংস্থাকে রাজ্যে ডেকে আনেন। প্রশান্ত কিশোরের তৈরি এই সংস্থাটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর দলকে অভাবনীয় জয় এনে দিয়েছিল – এমন ধারণা রাজনৈতিক মহলে বদ্ধমূল। জেলায় জেলায়, এমনকি গ্রামেগঞ্জে, তৃণমূলের সাংগঠনিক সিদ্ধান্ত এখন দলীয় নেতাদের হাতে নয়, বরং আই-প্যাকের পেশাদার কর্মীদের নির্দেশে নির্ধারিত হচ্ছে।
সংস্থাটি এখন কেবল পরামর্শদাতা নয়, বরং নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়নের মূল চালিকাশক্তি। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচারের পদ্ধতি—সবকিছুই আই-প্যাকের তত্ত্বাবধানে চলছে। উত্তরবঙ্গের এক বিধায়কের কথায়, “আই-প্যাকের সবুজ সংকেত ছাড়া তৃণমূলের ভেতরে যেন কোনো পাতা পর্যন্ত নড়ে না!”।