Published : 22 Aug 2026, 12:16 PM
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধের পবিত্র ভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকাল ১০টা ২৭ মিনিটে তিনি এই মহৎ কর্মটি সম্পন্ন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতির প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করে তাঁর অনুভূতি প্রকাশ করেন। পরিদর্শনে তিনি লেখেন, 'জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি।
তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস এবং অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি— স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।' তিনি আরও যোগ করেন, 'এই পবিত্র জাতীয় স্মৃতিসৌধটি আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের এক চিরন্তন স্মারক, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দেশগঠনে প্রেরণা জোগাবে।' তিনি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে। তিনি বলেন, 'তাদের দেশপ্রেম, নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।' তিনি অঙ্গীকার করেন, 'মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।' সবশেষে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহতায়ালা বীর শহীদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ওপর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বর্ষণ করুন।
আমিন। বাংলাদেশ জিন্দাবাদ।' এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এই সময়ে রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সেক্রেটারি মো: সরওয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন।।