Published : 22 Aug 2026, 02:16 AM
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মুর্মু প্রকাশ করেন যে, বাংলাদেশের জনগণের সেবায় মির্জা ফখরুল তাঁর মেয়াদ সফলভাবে সম্পন্ন করবেন বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি বলেন, 'জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবা প্রদানে অত্যন্ত সহায়ক হবে।' তিনি আরও উল্লেখ করেন যে, অভিন্ন ঐতিহাসিক পটভূমি, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্বের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে এক 'অনন্য সম্পর্ক' বিদ্যমান। মুর্মু জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা সহ বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
তিনি এই সম্পর্ককে আরও মজবুত করতে ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ এবং সফল দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।।
বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদল: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেলেন কোন পদে?