Published : 19 Jul 2026, 10:13 PM
বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে আবারও 'ইসরায়েল ব্যতীত' (Except Israel) শব্দটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাদ দেওয়া এই শব্দবন্ধটি আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বহাল করা হয়েছে। একই সাথে, নতুন এই নীতি অনুসারে ই-পাসপোর্টের ভেতরের পাতায় (জলছাপে) বড় ধরনের পরিবর্তন ও নকশা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে তৈরি সকল ই-পাসপোর্টে এই লেখাটি বহাল থাকবে। এই সিদ্ধান্ত দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে দেশের নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে নেওয়া হয়েছে। নতুন পাসপোর্টের নকশা ও জলছাপে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে অমর করে রাখতে এতে আন্দোলনের তিন শহীদের ছবি যুক্ত করা হয়েছে। বিশেষত, শহীদ আবু সাঈদের বুক পেতে দাঁড়ানো ঐতিহাসিক মুহূর্ত, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ ওয়াসিম আকরামের ছবি জলছাপে স্থান পেয়েছে। এই নতুন নকশায় ধর্মীয় সম্প্রীতি এবং সাম্প্রদায়িক ঐক্য প্রকাশের জন্য সকল ধর্মের প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশের জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক নিদর্শনের জলছাপ সুবিন্যস্ত করা হয়েছে। নতুন পাসপোর্টের পাতায় জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং চা-বাগান ফুটিয়ে তোলা হয়েছে। স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ঐতিহাসিক কার্জন হল, লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল, সোনারগাঁয়ের পানামনগর এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম 'সংগ্রাম'।
ধর্মীয় স্থানসমূহের মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, বান্দরবানের স্বর্ণমন্দির এবং খ্রিষ্টধর্মের হলি রোজারি চার্চ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি ও কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি রাখা হয়েছে, তবে সৈকতের ছবি থেকে নৌকা বাদ দেওয়া হয়েছে। নতুন নকশায় বিগত সরকারের আমলে যুক্ত হওয়া কিছু রাজনৈতিক ও মেগা প্রকল্পের ছবি, যেমন— গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যমুনা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট— এগুলোর ছবি বাদ দেওয়া হয়েছে।।
আগামী ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে মুষলধারে বৃষ্টি, ঢাকার বুকে জলাবদ্ধতার ঘনীভূত আশঙ্কা