Published : 18 May 2026, 03:07 AM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম রোববার (১৭ মে) বিকেলে ফেসবুকে দলের সাথে তার ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, দলের আদর্শ থেকে সরে যাওয়ায় তার পক্ষে আর দলের সাথে থাকা সম্ভব নয়। এরপর মধ্যরাতে এনসিপি তাকে দল থেকে বহিষ্কার করে। এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্ক করা সত্ত্বেও সর্দার আমিরুল শৃঙ্খলাভঙ্গের সাথে জড়িত ছিলেন। রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বহিষ্কারাদেশের চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, ৩ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি আবারও দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত হন, যা দলীয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সর্দার আমিরুলকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে সর্দার আমিরুল ইসলাম লেখেন, গত বছর জুন মাসে এনসিপির আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি মধ্যপন্থী রাজনীতির নতুন শক্তি হিসেবে দলে যোগ দেন। কিন্তু নির্বাচনকালে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্তে তিনি হতাশ হন। যদিও কৌশলগত বিষয় বিবেচনা করে তিনি দলের কাজে যুক্ত ছিলেন। তিনি আরও লেখেন, নির্বাচন-পরবর্তী সময়ে দলে ডানপন্থার প্রভাব বাড়তে থাকে। এতে তিনি গত দুই মাস ধরে রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে ছিলেন এবং দলের শীর্ষনেতার কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে শীর্ষনেতা তাকে পুনর্বিবেচনা করতে বলেন। সর্দার আমিরুল উল্লেখ করেন, এনসিপির যে প্রতিশ্রুতিতে তিনি আকৃষ্ট হয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশাভঙ্গ এবং দলের রণনীতি নিয়ে মতদ্বৈততা বাড়ায় তার পক্ষে দলের সাথে থাকা সম্ভব হচ্ছে না।
তিনি এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে বিদায় জানান। সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছর তিনি এনসিপিতে যোগ দেন। এর আগে, ২০২৫ সালের ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য খুন হন। সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা।।
তনু হত্যার রহস্যে নতুন মোড়! নয় বছর পর ডিএনএ পরীক্ষায় পোশাকের রক্তে আরও একজনের পরিচয়