Published : 17 May 2026, 02:18 AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত এবং প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি লোকচক্ষুর আড়ালে আত্মগোপনে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ তাকে দেখতে পেয়ে আটক রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে আটটার দিকে তাকে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন, “অধ্যাপক হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।” অধ্যাপক হাসিবুর রশীদ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুনে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়। জুলাই মাসের গণ-আন্দোলনের সময় তিনি এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। আবু সাঈদ হত্যা মামলায় তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন। চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় ঘোষণা করে। রায়ে মোট ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে, গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জুলাই মাসের গণ-আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। আবু সাঈদের মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অধ্যাপক হাসিবুর রশীদকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।
জাবিতে ছাত্রী নিপীড়নের চেষ্টা: দ্রুত গ্রেফতার না হলে ঢাকা-আরিচা সড়ক ঘেরাওয়ের হুমকি জাকসুর