Published : 17 May 2026, 01:07 PM
প্রায় নয় মাস ধরে চলা ৩৪ ম্যাচের লিগে দলকে একটিও হারাতে না পারলে যে কোনো কোচই গর্বিত হবেন। বিশেষ করে যদি ২৬ বছরের কোচিং জীবনে এমনটা প্রথমবার ঘটে! জোসে মরিনিওর তাই আনন্দিত হওয়ার কথা। কিন্তু পর্তুগিজ লিগে বেনফিকাকে ‘ইনভিনসিবল’ বা অপরাজিত রেখেও মরিনিওর মনে একটা চাপা কষ্ট রয়ে গেছে। লিগে একটিও ম্যাচ না হেরেও তাঁর দল চ্যাম্পিয়ন হতে পারেনি, এমনকি রানার্সআপও নয়! পর্তুগিজ লিগের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি – অপরাজিত থেকেও তৃতীয় স্থানে লিগ শেষ করা। মরিনিওর দলের এই অদ্ভুত অভিজ্ঞতার মূল কারণ হলো একের পর এক ড্র। ৩৪ ম্যাচের মধ্যে ১১টিতেই ড্র করেছে বেনফিকা, বাকি ২৩টিতে জিতেছে। শনিবার রাতে এস্তোরিলের বিপক্ষে ৩–১ গোলে জেতার মাধ্যমে তারা ২৩তম জয়টি পায়। এই ম্যাচ দিয়ে ২০২৫–২৬ মৌসুমের পর্তুগিজ লিগের পর্দাও পড়ে।
৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি পোর্তো। ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পোর্তিং, আর বেনফিকার পয়েন্ট ৮০। মজার বিষয় হলো, তৃতীয় হওয়া বেনফিকা অপরাজিত থাকলেও শীর্ষ দুই দল দুটি করে ম্যাচে হেরেছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অপরাজিত থেকে তৃতীয় হওয়া নিয়ে কথা বলেন মরিনিও। রিয়াল মাদ্রিদ, চেলসি ও ইন্টার মিলানের হয়ে লিগ জেতা এই কোচ অপরাজিত থাকার বিষয়টিকে সাধুবাদ জানালেও শিরোপা না পাওয়ার আক্ষেপ গোপন করেননি। তিনি বলেন, ‘অপরাজিত থাকাটা অবশ্যই দারুণ। আমি এর আগে আটবার লিগ জিতেছি, কিন্তু কখনো অপরাজিত ছিলাম না। তবে দুই-তিনটা ম্যাচ হেরেও যদি শিরোপা জেতা যেত, তাহলে সেটাই ভালো লাগতো।
’ এর আগে ১৯৭৭-৭৮ মৌসুমেও বেনফিকা কোনো ম্যাচ হারেনি, কিন্তু তারা শিরোপা জিততে পারেনি। ৩০ ম্যাচের সেই লিগে পোর্তোর সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে রানার্সআপ হয়েছিল। এছাড়া ইতালির সিরি আতে ১৯৭৮–৭৯ মৌসুমে পেরুজিয়াও কোনো ম্যাচ না হেরেও দ্বিতীয় হয়ে লিগ শেষ করেছিল, যেখানে তারা তিন পয়েন্ট বেশি পেয়ে ট্রফি জিতেছিল এসি মিলান। ইউরোপিয়ান ফুটবল লিগে ‘দ্য ইনভিনসিবল’ শব্দটি সবচেয়ে বেশি আলোচিত হয় আর্সেনালকে নিয়ে। ২০০৩–০৪ মৌসুমের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। সেটিই এখন পর্যন্ত আর্সেনালের সর্বশেষ লিগ শিরোপা। তবে এবারের বেনফিকার ‘কীর্তি’ও হয়তো ভবিষ্যতে আলোচিত থাকবে। চ্যাম্পিয়ন তো দূরের কথা, অপরাজেয় থেকেও যে দ্বিতীয় হতে পারেনি মরিনিওর দল! আরও পড়ুনরোনালদোর আরও একটি কান্নার রাত২ ঘণ্টা আগে।
হাম টিকা বিতরণে কারচুপি? ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা চেয়ে রিট