Published : 08 May 2026, 06:05 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটের বাইশটিলা এলাকার জেলা পরিষদের প্রাকৃতিক পার্ক পরিদর্শনের সময় শুক্রবার (৮ মে) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, দুইটি দেশের মধ্যে চুক্তি একবার হয়ে গেলে তা সহজে পরিবর্তন করা যায় না, তবে চুক্তির শর্তাবলীতে এমন কিছু ধারা থাকলে যা বাংলাদেশের জন্য অনুকূল নয়, সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, 'চুক্তি এমনভাবে তৈরি হয় যেখানে উভয় পক্ষের সুবিধা থাকে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী, যদি কোনো ধারা আমাদের দেশের জন্য ক্ষতিকর মনে হয়, তবে তা সংশোধনের সুযোগ অবশ্যই থাকবে।' মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে।
এর ফলে পণ্যের দাম কিছুটা বাড়লেও, এটি দীর্ঘস্থায়ী হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে যদি কেউ পণ্যের দাম অতিরিক্ত বাড়ায়, তবে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বন্দরের দুর্বল ব্যবস্থাপনার কারণে পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে স্বীকার করে মন্ত্রী বলেন, বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে একটি ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে পরিবহন খরচ কমানো যায়। সরকারি কলকারখানা লোকসানি হওয়ার কারণে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়। ব্যক্তিখাতে গেলে এসব প্রতিষ্ঠান লাভজনক হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। সিলেটের বাইশটিলায় জেলা পরিষদের ৪৩ একর জায়গায় একটি আধুনিক প্রাকৃতিক পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পার্কে ক্যাবল কার, রোপ ব্রিজ এবং বিভিন্ন বিনোদনের উপকরণ থাকবে, যা শিশু থেকে শুরু করে বড়দের জন্য আকর্ষণীয় হবে। জেলা পরিষদ এ বিষয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে এবং সরকার এতে অর্থায়ন করবে। এসময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
২৩ দিনের বিরতির পর প্রাণ ফিরে পেল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে তেল সরবরাহ শুরু