Published : 07 May 2026, 08:04 PM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করার কারণে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের প্রাক্তন ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি অবশেষে জামিনে কারমুক্ত হলেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২:৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আক্তার জানান, উচ্চ আদালত থেকে তার জামিনের কাগজপত্র সকালে কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই করে এবং অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আদালত ও কারা সূত্র জানায়, হাইকোর্ট বিভাগ গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে ইমির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আইনজীবী মুহা. নোমান হোসাইন আদালতে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
প্রায় দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়ে ইমি সাংবাদিকদের বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করি এবং সম্মান করি। সেই কারণেই ৭ মার্চের ভাষণটি প্রচার করেছিলাম। এটি কোনো অপরাধ নয়। বরং মুক্তিযুদ্ধের বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আটক করেছে। দেশবাসী এর সঠিক বিচার করবে।
’ চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে ইমিসহ কয়েকজন বন্ধু রিকশায় মাইক লাগিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করছিলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের কর্মীরা তাদের বাধা দেয় এবং থানায় নিয়ে যায়। পরদিন পুলিশ ইমিসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।।
২৩ দিনের বিরতির পর প্রাণ ফিরে পেল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে তেল সরবরাহ শুরু