Published : 26 Mar 2026, 07:04 PM
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর পণ্য প্রধান নিকিতা বিয়ার জানিয়েছিলেন, কনটেন্ট নির্মাতাদের আয়ের ক্ষেত্রে তাঁদের দেশের দর্শকদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় ও আঞ্চলিক কনটেন্টকে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। তবে এই ঘোষণার পরেই এক্স-এর কনটেন্ট নির্মাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকেই জানান, তাঁদের উল্লেখযোগ্য সংখ্যক দর্শক দেশের বাইরে থাকেন। নতুন নিয়ম কার্যকর হলে তাঁদের আয়ে খারাপ প্রভাব পড়তে পারে। অবশেষে ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের কারণে এক্স-এর মালিক ইলন মাস্ক প্রস্তাবিত আয়ের বণ্টননীতি স্থগিত করেছেন।
কনটেন্ট নির্মাতাদের মতে, এই ধরনের নিয়ম এক্স-এর বিশ্বজনীন বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না। একজন নির্মাতা জানান, তিনি ফ্রান্সে থাকলেও তাঁর প্রায় ৪৩ শতাংশ দর্শক আমেরিকায়। তিনি বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ইংরেজিতে কনটেন্ট তৈরি করেন। নতুন নিয়ম চালু হলে তাঁর মতো নির্মাতারা ক্ষতিগ্রস্ত হবেন। অন্য একজন জানান, রাজনীতি ছাড়াও বিশ্বে বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে। এই নিয়ম কার্যকর হলে প্ল্যাটফর্মটির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হবে।
সমালোচনার মুখে ইলন মাস্ক জানিয়েছেন, আপাতত এই নিয়ম কার্যকর করা হচ্ছে না। ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে নীতিমালায় পরিবর্তন আনা হতে পারে। নিকিতা বিয়ার এই পরিবর্তনের কারণ হিসেবে বলেছিলেন, এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের দেশ, প্রতিবেশী অঞ্চল ও ভাষাভিত্তিক গোষ্ঠীর সঙ্গে আরও বেশি যুক্ত হতে পারবেন। এর ফলে প্ল্যাটফর্মে স্থানীয় কনটেন্টের পরিমাণ বাড়বে এবং এটি আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ আল তিতুমীর